অনলাইন ডেস্ক,২৭ মে, ২০২৫: বিলোনীয়া: রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বিলোনীয়াতেও গতকাল যথাযোগ্য মর্যাদার সঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তর ও বিলোনীয়া পুর পরিষদের যৌথ উদ্যোগে মহকুমা ভিত্তিক অনুষ্ঠানটি আয়োজিত হয় বিলোনীয়া কলেজ স্কোয়ারস্থিত অগ্নিবীণা কমিউনিটি হলে। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ।
উপস্থিত ছিলেন পুর পরিষদের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, পূর্ত বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বাবুল ভৌমিক, জনস্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুশংকর ভৌমিক, সমাজসেবী সায়ন্তন দত্ত, সমাজসেবী নকুল পাল প্রমুখ। অতিথিগণ নজরুলের কর্মজীবন ও সাহিত্য, প্রতিভা ও সমাজ জীবনে তাঁর অবদান ইত্যাদি বিষয়ক আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ নজরুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাগত বক্তব্য রাখেন বরিষ্ঠ তথ্য আধিকারিক রাজেশ দেবনাথ। জিরানীয়া: কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল জিরানীয়া মহকুমা ভিত্তিক অনুষ্ঠান আয়োজিত হয় খামারবাড়ি উচ্চবিদ্যালয়ে।
মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মধ্য দেবেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রানু দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিষ্ঠ তথ্য আধিকারিক গৌতম দাস। প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমীর দাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালক কমিটির চেয়ারম্যান পবিত্র কুমার দাস। অনুষ্ঠানে অতিথিগণ কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সাংস্কৃতিক শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় নজরুল গীতি, নৃত্য এবং আবৃত্তি। খোয়াই: খোয়াই মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয় এবং খোয়াই পুর পরিষদের যৌথ উদ্যোগে লালছড়াস্থিত বাঘাযতীন ক্লাবের নজরুল মঞ্চে গতকাল নজরুল জয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পীযুষ কান্তি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন নিবাস সাহা। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এছাড়া সকালে প্রভাতফেরি খোয়াই শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।








