আমাদের রাজ্য ও দেশে বর্তমানে স্বউদ্যোগীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক, ৩০ এপ্রিল, ২০২৫: । রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভর ত্রিপুরা গঠনে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতিতে প্রাণীপালন, মৎস্যচাষ, কৃষি ইত্যাদির মাধ্যমেও স্বনির্ভর হওয়া সম্ভব।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব সমাজকে চাকরি প্রত্যাশী না হয়ে চাকরি প্রদানকারী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে বলে আহ্বান জানিয়েছেন। এরফলে আমাদের রাজ্য ও দেশে বর্তমানে স্বউদ্যোগীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আজ মোহনপুর ব্লকভিত্তিক গৃহপালিত পশু, পাখি প্রদর্শনী, মেলা ও প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ। আজ বিজয়নগর গ্রাম পঞ্চায়েতে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার মহিলারা বাড়িঘরে বিভিন্ন গৃহপালিত পশু, পাখি পালনের মাধ্যমে নিজে যেমন স্বরোজগারী হতে পারবেন তেমনি পরিবারকেও আর্থিক সক্ষমতার ভরসা যোগাতে পারেন।

তিনি জানান, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্যে গরুর সংখ্যা ৭ লক্ষ ৩৯ হাজারটি, মহিষের সংখ্যা ৭ হাজার ১১৩টি, ভেড়ার সংখ্যা ৫ হাজার ৪৬০টি এবং ছাগলের সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজার ২০৪টি, শূকরের সংখ্যা ২ লক্ষ ৬ হাজারটি এবং মুরগী ও হাঁসের সংখ্যা যথাক্রমে প্রায় ৩২ লক্ষ ও ৮ লক্ষ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব ও ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ডা. বিমল কৃষ্ণ দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সরকার।

Leave a Comment