অনলাইন ডেস্ক, ২৮ এপ্রিল, ২০২৫: গতকাল এক আনন্দঘন পরিবেশে শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে সাংগ্রাই ডান্স একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয় মগ কালচার্যাল মিট-২০২৫ এবং পাঁচদিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান।
অনুষ্ঠানটি আয়োজিত হয় তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মগ সোসিও কালচার্যাল অর্গানাইজেশন, বীরচন্দ্র মনু রিজিওন্যাল কমিটির সহযোগিতায়। প্রায় ২০০ শিল্পী এই সাংগ্রাই নৃত্যের কর্মশালায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াৎ, বিধায়ক মাইলাড্ডু মগ, শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন সত্যব্রত সাহা, এমডিসি কংজায় মগ, জোলাইবাড়ি ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অশোক মগ, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নৃত্যগুরু ক্রায়েরী মগ চৌধুরী, বরিষ্ঠ তথ্য আধিকারিক রাজেশ দেবনাথ, সাংগ্রাই ডান্স একাডেমির সম্পাদক রাজু মগ, একাডেমির সভাপতি কংথি মগ প্রমুখ। অতিথিগণ সাংগ্রাই ডান্স একাডেমির নৃত্য ও সাংস্কৃতিক অঙ্গণে তাদের অবদানের প্রশংসা করে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রনালয় ও নতুন দিল্লির সঙ্গীত নাটক একাডেমির দ্বারা নয়াদিল্লির কর্তব্যপথে এবছর প্রজাতন্ত্রদিবস প্যারেডে সারা দেশের ৬,১৯৪ জন লোকনৃত্য শিল্পী নৃত্য প্রদর্শন করে।
এই দলে সাংগ্রাই ডান্স একাডেমির প্রতিভাবান ১০০ জন শিল্পী অংশগ্রহণ করে। গতকালের অনুষ্ঠানে অতিথিগণ এই ১০০ জন শিল্পীর হাতে দিল্লির অনুষ্ঠানের শংসাপত্র তুলে দেন। শিল্পীগণ অনুষ্ঠানে দিল্লিতে প্রদর্শিত নৃত্য ও কর্মশালায় শেখা নৃত্য প্রদর্শন করে।







