প্রগতি ত্রিপুরা, ২২ নভেম্বর, ২০২৬: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের এখন থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়।
এদিন মেলাঘর পুর পরিষদ ও সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভা ও রোড শো-তে অংশ নেন প্রদেশ সভাপতি। সভায় প্রধান বক্তার ভাষণে তিনি বলেন, আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয় নিয়ে তিনি আশাবাদী। তাঁর দাবি, সোনামুড়ার মানুষ বিজেপির পাশে রয়েছেন।
তিনি আরও বলেন, আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে সোনামুড়া বিধানসভা কেন্দ্রকে বামমুক্ত করার লক্ষ্য নিয়ে এখন থেকেই দলীয় কর্মী ও নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিরোধী সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে সরব হন প্রদেশ সভাপতি। গণতন্ত্র নিয়ে বিরোধীদের অভিযোগের পাল্টা বক্তব্য রাখতে গিয়ে তিনি বাম শাসনকালের বিভিন্ন বিষয় তুলে ধরে সমালোচনা করেন। পাশাপাশি আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য ভোটারদের কাছে আবেদন জানান তিনি।
এদিনের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপির রাজ্য প্রভারি মৃগাঙ্ক দেববর্মন, বিধায়ক বিন্দু দেবনাথ, তোফাজ্জল হোসেন সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
সভা শেষে দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে সুসজ্জিত হুডখোলা গাড়িতে সোনামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নির্বাচনী রোড শো অনুষ্ঠিত হয়।








