প্রগতি ত্রিপুরা, ২২ নভেম্বর, ২০২৬: বামফ্রন্ট সরকারের আমলে সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা বঞ্চনার শিকার হয়েছেন বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।
রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে প্রদেশ বিজেপির অবসরপ্রাপ্ত ও প্রবুদ্ধজন প্রকোষ্ঠের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি পূর্ববর্তী সরকারের কর্মচারী নীতির সমালোচনা করেন। একই সঙ্গে বর্তমান সরকার কর্মচারীদের স্বার্থে কাজ করছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার ব্যবধান যত দ্রুত সম্ভব কমিয়ে আনার চেষ্টা চলছে। অষ্টম বেতন কমিশন নিয়েও ইতিমধ্যে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি। রাজ্যে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনা এবং কর্মচারীদের কাজের পরিবেশ উন্নত করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানান।
পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কর্মচারীদের রাজনৈতিকভাবে প্রভাবিত করার অভিযোগ তুলে তিনি বলেন, সেই সময় বদলির ভয় দেখিয়ে কর্মচারী সংগঠনের সদস্য বাড়ানোর চেষ্টা করা হতো। সরকারি কর্মচারীদের প্রতি তৎকালীন সরকারের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, আগরতলা পুরনিগম এলাকার বিভিন্ন পুকুর সংস্কার করে ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। বিমানবন্দর সড়ক চার লেনে উন্নীত করা হয়েছে। গত অর্থবছরে ১,৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। চলতি বছরেও এখনও পর্যন্ত সমপরিমাণ প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু হওয়ায় রাজ্যের মানুষ চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে উপকৃত হচ্ছেন। চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যাওয়ার প্রবণতা আগের তুলনায় কমেছে বলেও দাবি করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার-সহ বিজেপির অবসরপ্রাপ্ত ও প্রবুদ্ধজন প্রকোষ্ঠের নেতৃত্ব এবং বিশিষ্ট ব্যক্তিরা। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের কর্মসূচি নিয়েও আলোচনা হয়।








