প্রগতি ত্রিপুরা, ২২ নভেম্বর, ২০২৬: আগামী ২৭ নভেম্বর কুমারঘাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে কুমারঘাট পুরপরিষদের চার নম্বর ওয়ার্ড সহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় কংগ্রেসের নির্বাচনী প্রচারে ব্যবহৃত ফ্ল্যাগ ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে ইন্ডিয়া মঞ্চের এক প্রতিনিধি দল কুমারঘাটের মহকুমা পুলিশ আধিকারিক ও মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলের পক্ষ থেকে ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কুমারঘাট পুরপরিষদের চার নম্বর ওয়ার্ডের ইন্ডিয়া মঞ্চ তথা কংগ্রেস প্রার্থী রিন্টু লাল দেব, সিপিএম রাজ্য কমিটির সদস্য স্বপন কুমার বৈষ্ণব সহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে প্রতিনিধি দলটি চার নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাগ ও ফেস্টুনগুলি খতিয়ে দেখেন। তাঁদের অভিযোগ, পরিকল্পিতভাবে নির্বাচনী প্রচারসজ্জা নষ্ট করা হয়েছে।
অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ইন্ডিয়া মঞ্চের নেতারা। পাশাপাশি, নির্বাচনের আগে কুমারঘাট মহকুমার বিভিন্ন এলাকায় পুলিশি টহল বাড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যও প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।








