বিশালগড় বাইপাসে ইকো গাড়ি ও বাইসাইকেলের সংঘর্ষ, গুরুতর আহত এক ব্যক্তি

প্রগতি ত্রিপুরা, ২২ নভেম্বর, ২০২৬: বিশালগড় বাইপাস সড়কে দ্রুতগামী ইকো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক বাইসাইকেল আরোহী। দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম ফারুক মিয়া বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বিশালগড় বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী ইকো গাড়ি বাইসাইকেল আরোহী ফারুক মিয়াকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় তিনি ছিটকে রাস্তায় পড়ে রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম হন।

দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে তাঁকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁর একটি পা সম্পূর্ণ ভেঙে যাওয়ার কথা জানান। উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।

জানা গেছে, আহত ফারুক মিয়ার শ্বশুরবাড়ি বিশালগড়ের উত্তর রাউৎখলা এলাকায়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বাইপাস সড়কে কিছুক্ষণের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

Leave a Comment