সাত লক্ষ টাকা বাজেটে পূর্ব রাতাছড়ায় ১৬ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞ

প্রগতি ত্রিপুরা, ১৯ নভেম্বর,২০২৬: ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা এলাকার পূর্ব রাতাছড়ার লামারগাঁও কালীমন্দির প্রাঙ্গণে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞ। চার দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠান চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মহাযজ্ঞের জন্য প্রায় সাত লক্ষ টাকা বাজেট নির্ধারণ করেছে আয়োজক কমিটি। অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই স্থানীয় ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজক কমিটির সম্পাদক কিরেন্দ্র মালাকার, সহ-সম্পাদক ময়ূখ মালাকার, সভাপতি কানু মালাকার ও অজয় মালাকার এবং কোষাধ্যক্ষ সৌরভ মালাকার ও গৌরাঙ্গ মালাকার।

আয়োজকরা জানান, এবারের মহাযজ্ঞে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহির্রাজ্য ও প্রতিবেশী বাংলাদেশ থেকেও কীর্তনীয়া শিল্পীরা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে মিন্টু সরকার, বাংলাদেশের কানুপ্রিয়া সম্প্রদায়, খোয়াই চেব্রির নিতাই দেবনাথের ভোলানাথ সম্প্রদায়, ধর্মনগরের সুলেখানাথের গৌরগোপাল সম্প্রদায় এবং খোয়াই চেব্রির ধনঞ্জয় দেবনাথের রাধাগোবিন্দ সম্প্রদায় নামসংকীর্তন পরিবেশন করবেন।

হরিনাম সংকীর্তনের পাশাপাশি ভক্তদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থাও রাখা হয়েছে। আগামী ২৩ ও ২৪ নভেম্বর দুই দিন মহাভোগের থালি বিতরণ করা হবে। এছাড়া ২৪ নভেম্বর মহাপ্রসাদ বিতরণের কর্মসূচিও রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

চার দিনব্যাপী এই ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে পরিচালনা কমিটি। মন্দির প্রাঙ্গণে আগত ভক্তদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে মহাযজ্ঞে অংশগ্রহণ করে অনুষ্ঠান সফল করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment