প্রগতি ত্রিপুরা, ১৯ নভেম্বর,২০২৬: গার্লস বোধজং বিদ্যালয়ের শিক্ষক ভজন চক্রবর্তীর বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদ জানাতে বিদ্যালয়ে যান টিএসএফের নেতৃত্ব ও প্রতিনিধিরা। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠন।
বিদ্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন টিএসএফ নেতৃত্ব। সংগঠনের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানের মতো পবিত্র স্থানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের সঙ্গে কোনও ধরনের আপত্তিকর আচরণ বা হয়রানির অভিযোগকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
সংগঠনের প্রতিনিধিরা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ বর্তমানে শূন্য থাকায় ভারপ্রাপ্ত আধিকারিক দায়িত্ব পালন করছেন। তাঁর সঙ্গে আলোচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস পাওয়া গেছে বলে দাবি সংগঠনের।
টিএসএফের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা দপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়ের করা হবে। শিক্ষা দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেও নজর রাখা হবে। অভিযোগের যথাযথ তদন্ত করে দোষ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠন।
পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনও শিক্ষার্থীকে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা দপ্তরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
এদিন ছাত্রছাত্রীদের উদ্দেশেও সংগঠনের প্রতিনিধিরা বার্তা দেন, কোনও ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলে ভয় না পেয়ে অভিভাবক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংগঠনকে বিষয়টি জানানোর জন্য। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছে টিএসএফ।








