প্রগতি ত্রিপুরা, ১৯ নভেম্বর,২০২৬: আসন্ন বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে জোর বাড়াল বামফ্রন্ট। বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ বাজার এলাকায় সিপিআই(এম) প্রার্থীদের সমর্থনে মিছিল সংগঠিত করা হয়। নগর পঞ্চায়েতের বিভিন্ন আসনে দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে মিছিলে অংশ নেন দলের নেতা-কর্মী ও সমর্থকরা।
মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম) নেতৃত্বের পক্ষ থেকে পার্থপ্রতিম মজুমদার অভিযোগ করেন, নগর পঞ্চায়েতের একটি ওয়ার্ডে তাঁদের দলীয় প্রার্থীকে বলপূর্বক মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। তাঁর অভিযোগ, নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা চলছে।
তিনি জানান, নগর পঞ্চায়েতের মোট ১১টি আসনের মধ্যে বামফ্রন্ট ১০টি আসনে প্রার্থী দিতে সক্ষম হয়েছে। অতীতে এলাকার উন্নয়নে বামফ্রন্ট সরকারের ভূমিকার কথা তুলে ধরে তিনি দাবি করেন, বিশ্রামগঞ্জের প্রশাসনিক পরিকাঠামো ও রাস্তাঘাটের উন্নয়নের ভিত সেই সময়েই তৈরি হয়েছিল। তাঁর বক্তব্য, বিশ্রামগঞ্জকে জেলা সদর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও তৎকালীন বামফ্রন্ট সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
আসন্ন নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীরা সবকটি আসনেই জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি এলাকার শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার স্বার্থে সাধারণ মানুষকে বামফ্রন্টের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, কোনও ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার না করে প্রত্যেকেই যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার পাশাপাশি এলাকার উন্নয়নের স্বার্থে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থন করার আবেদন জানান তিনি।








