কুমারঘাটের ৬ নম্বর ওয়ার্ডে ইন্ডিয়া মঞ্চের জোরদার প্রচার

প্রগতি ত্রিপুরা, ১৯ নভেম্বর,২০২৬: কুমারঘাট পুর পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে ১৫টি ওয়ার্ডেই রাজনৈতিক লড়াই ক্রমশ জমে উঠেছে। এর মধ্যে বিশেষ নজর কেড়েছে ৬ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী তথা কংগ্রেসের উনকোটি জেলা সভানেত্রী ফুলকুমারী গোস্বামী জোরকদমে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও সংস্কৃতিপ্রেমী ফুলকুমারী গোস্বামী একদিকে যেমন পরিচিত মুখ, অন্যদিকে তেমনি দলের সাংগঠনিক নেতৃত্বের দায়িত্বও সামলাচ্ছেন। নির্বাচনী প্রচারে তিনি নিয়মিতভাবে এলাকার মানুষের বাড়ি বাড়ি পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শুনছেন। পাশাপাশি দলমত নির্বিশেষে সকলের সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করছেন।

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ৬ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৯১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪৫ জন এবং মহিলা ভোটার ৪৬৭ জন। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে জোরদার প্রতিদ্বন্দ্বিতার আবহে এই ওয়ার্ডের নির্বাচনী লড়াই ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে।

তবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আত্মবিশ্বাসী ফুলকুমারী গোস্বামী। সাধারণ মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়ে জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী। এখন দেখার, ৬ নম্বর ওয়ার্ডের ভোটাররা শেষ পর্যন্ত কোন প্রার্থীর পক্ষে রায় দেন।

Leave a Comment