প্রগতি ত্রিপুরা, ১৯ নভেম্বর,২০২৬: আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে দুর্নীতিমুক্ত প্রশাসন, উন্নত নাগরিক পরিষেবা ও স্বচ্ছ পুর নিগম গঠনের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার বাধারঘাট চৌমুহনীতে নির্বাচনী সভা করল বামফ্রন্ট। বৃষ্টি উপেক্ষা করেই সভায় উপস্থিত হন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা। সভায় সভাপতিত্ব করেন সিপিআই(এম) নেতা নারায়ণ রুদ্রপাল।
সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে, দলের রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, ডুকলি মহকুমা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বিকাশ দেবনাথ এবং সিপিআই নেতা ধনমনি সিং।
বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে বর্তমান রাজ্য সরকার ও আগরতলা পুর নিগমের কাজকর্ম নিয়ে তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, গত নয় বছরে বর্তমান সরকার একটি ফ্লাইওভার নির্মাণ করতে পারেনি। শহরের নিকাশি নালাগুলিকে যথাযথভাবে ঢেকে দেওয়া, নতুন সেতু নির্মাণ কিংবা রাস্তাঘাট প্রশস্ত করার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। নাগরিক পরিষেবার এই বেহাল দশার জন্য সরকার ও পুর নিগমের ব্যর্থতাকেই দায়ী করেন তিনি।
এদিন ৫১টি ওয়ার্ডেই বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান মানিক দে। তাঁর বক্তব্য, ২০১৮ সালের আগে শুরু হওয়া বহু উন্নয়নমূলক কাজ এখনও অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনও মিল নেই বলেও অভিযোগ করেন তিনি।
মানিক দে বলেন, ২০১৮ সালে ক্ষমতায় আসার সময় বিজেপি ২৯৪টি প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতিগুলির অধিকাংশই বাস্তবায়িত হয়নি বলে তাঁর দাবি। অথচ এখন বিরোধীদের আগামী নির্বাচনে কোনও আসন না পাওয়ার কথা বলা হচ্ছে। তাঁর মতে, নির্বাচনে কে জয়ী হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র জনগণের।
সরকারি কর্মচারীর সংখ্যা প্রসঙ্গেও বর্তমান সরকারের সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, বামফ্রন্ট সরকারের সময় রাজ্যে সরকারি কর্মচারীর সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ৫৬ হাজার, বর্তমানে তা কমে প্রায় এক লক্ষে দাঁড়িয়েছে।
বিজেপির রাজনৈতিক বক্তব্যের জবাব দিতে গিয়ে মানিক দে বলেন, কোনও রাজনৈতিক দল বা নেতা শেষ কথা নন, গণতন্ত্রে শেষ কথা বলেন সাধারণ মানুষ। জনগণ যখন নিজেদের অধিকার নিয়ে প্রতিবাদে সোচ্চার হন, তখন ক্ষমতাসীনদের পক্ষে সেই প্রতিবাদ এড়িয়ে যাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিনের সভা থেকে আসন্ন পুর নিগম নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আবেদন জানান নেতৃবৃন্দ। দুর্নীতিমুক্ত পুর প্রশাসন, নাগরিক পরিষেবার উন্নয়ন এবং অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিকে সামনে রেখেই নির্বাচনী প্রচার চালানোর বার্তা দেওয়া হয় সভা থেকে।








