খয়েরপুরে বিজেপির সাংগঠনিক সভা, পিংকি ঘোষের জয়ের লক্ষ্যে প্রচার

প্রগতি ত্রিপুরা, ১৯ নভেম্বর,২০২৬: আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে খয়েরপুরের দুলরা গীতবিতান হলে বিজেপির এক সাংগঠনিক বৈঠক ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। মূলত পুর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী পিংকি ঘোষের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, বিধায়ক রতন চক্রবর্তী, মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিক এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল-সহ দলের অন্যান্য নেতৃত্ব।

নির্বাচনী সভার পাশাপাশি আসন্ন পুর নির্বাচনকে ঘিরে দলের সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী রণকৌশল এবং বুথস্তরে কর্মীদের দায়িত্ব নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সভায় সাধারণ মানুষের পরিবর্তে মোর্চা, মণ্ডল ও বিভিন্ন বুথের নেতৃত্ব এবং দলীয় কর্মীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানান এক বক্তা।

তাঁর বক্তব্য, সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেও দলীয় নেতা-কর্মীদের ব্যাপক সাড়া মিলেছে। হলের ভিতরে জায়গা না হওয়ায় অনেকেই বাইরে দাঁড়িয়ে সভায় অংশ নেন। এই উপস্থিতিকে তিনি দলের প্রতি কর্মীদের স্বতঃস্ফূর্ত আগ্রহ ও সাংগঠনিক শক্তির প্রতিফলন বলে দাবি করেন।

আগামী ২৭ তারিখের নির্বাচনে পিংকি ঘোষ বিপুল ভোটে জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তা। তিনি পিংকি ঘোষকে এলাকার ঘরের মেয়ে হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিটি মানুষের কাছে পৌঁছে দলের বক্তব্য তুলে ধরার চেষ্টা চলছে। গত নির্বাচনের ফলাফলের তুলনায় এবার আরও বড় ব্যবধানে জয় নিশ্চিত করাই দলের লক্ষ্য।

বিরোধীদের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তাদের সামনে তুলে ধরার মতো স্পষ্ট আদর্শ, কর্মসূচি কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নেই। খয়েরপুর এলাকার ভোটারদের কাছেও বিরোধীরা গ্রহণযোগ্য বক্তব্য তুলে ধরতে পারবে না বলে দাবি করেন তিনি। তাঁর মতে, বিজেপির জয় এখন সময়ের অপেক্ষা, শুধু জয়ের ব্যবধান কতটা বাড়ানো যায় সেটাই দেখার বিষয়।

বক্তব্যের এক পর্যায়ে ভগীরথের গঙ্গা আনয়নের পৌরাণিক উপাখ্যানের সঙ্গে ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তুলনা টানেন তিনি। তাঁর দাবি, বিজেপির নেতৃত্বে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার হয়েছে এবং সাধারণ মানুষ আগের তুলনায় বেশি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ভোগ করছেন।

সব মিলিয়ে ৯ নম্বর ওয়ার্ডে পিংকি ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচার জোরদার করার পাশাপাশি বুথস্তরে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করার বার্তাই উঠে আসে খয়েরপুরের এই সভা থেকে।

Leave a Comment