গঙ্গানগরে লাইসেন্সহীন ওষুধের দোকানে তালা, বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার ওষুধ

প্রগতি ত্রিপুরা, ১৯ নভেম্বর,২০২৬: গঙ্গানগরে লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রির অভিযোগে একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ বাজেয়াপ্ত করল প্রশাসন। বৃহস্পতিবার আমবাসা মহকুমার গঙ্গানগর এলাকায় গোপেন্দ্র শর্মার দোকানে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় এক লক্ষ টাকা মূল্যের ওষুধ উদ্ধার করে জব্দ করেন আধিকারিকরা। পরে দোকানটি বন্ধ করে দেওয়া হয়।

ধলাই জেলার ড্রাগ ইন্সপেক্টিং অফিসার বিশ্বজিৎ সিংহ রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসএফ, স্থানীয় পুলিশ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের কর্মীরাও উপস্থিত ছিলেন। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই যৌথভাবে এই অভিযান চালানো হয় বলে জানান ড্রাগ ইন্সপেক্টিং অফিসার।

বিশ্বজিৎ সিংহ রায় জানান, অভিযানের সময় দোকানে বিপুল পরিমাণ ওষুধ মজুত অবস্থায় পাওয়া যায়। কিন্তু ওষুধ বিক্রির জন্য প্রয়োজনীয় বৈধ লাইসেন্স দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। দোকানে উপস্থিত এক মহিলার কাছেও লাইসেন্স সংক্রান্ত বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানান তিনি। দোকান মালিক আধিকারিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলেও অভিযোগ উঠেছে।

উদ্ধার হওয়া সমস্ত ওষুধ ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তী সময়ে সেগুলি আদালতে পেশ করা হবে। আদালতের নির্দেশ এবং অনুমতি অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক।

অন্যদিকে, সংশ্লিষ্ট পক্ষের দাবি, তাদের কাছে ওষুধ বিক্রির লাইসেন্স রয়েছে। তবে অভিযানের সময় কোনও বৈধ লাইসেন্সের নথি দেখাতে পারেননি তাঁরা। পরবর্তীতে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ড্রাগ ইন্সপেক্টিং অফিসার।

এদিকে, লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রির মতো বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গানকর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment