প্রগতি ত্রিপুরা, ১৯ নভেম্বর,২০২৬: আসন্ন পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোমতী জেলায় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা। বৃহস্পতিবার অমরপুরের আনন্দধারা কলাক্ষেত্র এবং উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে আয়োজিত বিজেপির নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন তিনি। দুই সভাকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে বিপুল সংখ্যায় দলীয় কর্মী-সমর্থকরা উপস্থিত হন।
জনসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, সবিতা নাগ, সর্বভারতীয় যুব মোর্চার সদস্য শিশির ভৌমিক-সহ দলের অন্যান্য নেতৃত্ব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস ও সিপিআইএমের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে রাজ্যে কোনও প্রতিষ্ঠানবিরোধী মনোভাব তৈরি হয়নি। ২০২৮ সালের বিধানসভা নির্বাচনেও বিরোধীদের ক্ষমতা পরিবর্তনের স্বপ্ন সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, বিজেপি সরকারের উন্নয়নমূলক কর্মসূচি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আস্থাই দলের জনসমর্থন বৃদ্ধির মূল ভিত্তি।
নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গণতন্ত্র নিয়ে বিরোধীদের বক্তব্যেরও কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পরেও বিরোধীরা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। দীর্ঘদিন রাজ্য শাসনের দায়িত্বে থাকা দলগুলির পক্ষ থেকে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলাকে তিনি বিস্ময়কর বলে উল্লেখ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বিরোধীদের মন্তব্যেরও নিন্দা জানান তিনি।
জনসভার শেষপর্বে উদয়পুর পুর পরিষদের ২৩টি ওয়ার্ডে বিজেপির মনোনীত ২৩ জন প্রার্থীকে মূল মঞ্চে হাজির করিয়ে তাঁদের পরিচয় করিয়ে দেন মুখ্যমন্ত্রী। আসন্ন নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের কাছে প্রার্থীদের সমর্থনে এগিয়ে আসার আবেদন জানান মুখ্যমন্ত্রী।








