আগামী ৪০ বছরেও ত্রিপুরায় বিজেপি সরকারের বিকল্প নেই: মুখ্যমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ১৪ নভেম্বর, ২০২৬:: বিরোধী দল কংগ্রেস ও সিপিআইএমকে তীব্র আক্রমণ করে আগামী ৪০ বছরেও ত্রিপুরায় বিজেপি সরকারের কোনো বিকল্প তৈরি হবে না বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। বিরোধীদের নেতিবাচক রাজনীতি এবং অতীতের শাসনকালে খুন, সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনাকে তুলে ধরে তিনি বলেন, রাজ্যের মানুষ আর সেই রাজনীতি মেনে নিতে রাজি নন। বিজেপির প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিলোনিয়া পৌর পরিষদের নির্বাচনে বিজেপির মনোনীত ১৭ জন প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। প্রথমে বিলোনিয়া বনকর কৃষ্ণমূর্তি পাদদেশের সামনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন কংগ্রেসের সহযোগিতায় সিপিআইএম রাজ্যে শাসন চালিয়েছে। বর্তমানে সেই কংগ্রেস ও সিপিআইএম রাজনৈতিকভাবে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। অতীতে তাদের শাসনকালে রাজ্যে যে খুন, সন্ত্রাস ও অগ্নিসংযোগের রাজনীতি চলেছে, তা সাধারণ মানুষ কখনও মেনে নেয়নি, এখনও নিচ্ছে না।

তিনি আরও বলেন, বিরোধী দলগুলির এই নেতিবাচক রাজনীতির কারণেই রাজ্যের মানুষ বিজেপির ওপর আস্থা রেখেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির জনসমর্থনই সবচেয়ে বড় শক্তি। তাই আগামী ৪০ বছরেও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিকল্প তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যে আগামী ৪০ বছরেও বিজেপি সরকারের বিকল্প থাকবে না—এই মন্তব্যকে ঘিরে সভাস্থলে উপস্থিত দলীয় কর্মী ও নেতৃত্বের মধ্যে কিছুটা গুঞ্জন শোনা যায়। কেউ কেউ বিষয়টিকে বক্তব্যের ভুল হিসেবে দেখেন, আবার কারও মতে এটি ছিল ‘স্লিপ অফ টাং’।

সভা শেষে বিজেপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর প্রার্থীদের সঙ্গে নিয়ে শুরু হয় নির্বাচনী প্রচার মিছিল। মুখ্যমন্ত্রী প্রচার গাড়ি থেকে সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দিয়ে বিজেপির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক প্রমোদ রিয়াং, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক-সহ দলের অন্যান্য নেতৃত্ব। প্রার্থী, দলীয় কর্মী, মণ্ডল ও জেলা স্তরের নেতারাও প্রচার মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

Leave a Comment