সোনামুড়ার ৮ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী প্রচার সামগ্রী নষ্ট করার অভিযোগ, পুলিশের হাতে ধৃত এক ব্যক্তি

প্রগতি ত্রিপুরা, ১৪ নভেম্বর, ২০২৬:: আসন্ন নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে সোনামুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যকর ঘটনা। বিজেপির নির্বাচনী প্রচার সামগ্রী, ব্যানার ও পতাকা নষ্ট করার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় একজনকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের দিকে যাওয়ার সময় দুই ব্যক্তিকে বিজেপির নির্বাচনী প্রচারে ব্যবহৃত পতাকা ও ফ্ল্যাগ খুলে ফেলার চেষ্টা করতে দেখেন এক ব্যক্তি। বিষয়টি নজরে আসতেই তাঁদের ধাওয়া করেন স্থানীয়রা। সেই সময় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অপরজনকে ধরে ফেলেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, আটক ব্যক্তি নিজের পরিচয় সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। ঘটনার পর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে নির্বাচনী প্রচার সামগ্রী নষ্ট করার চেষ্টা করেছে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে, আটক ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এবং ঘটনার পেছনে অন্য কারও যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে আটক ব্যক্তির বক্তব্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

 

Leave a Comment