নয়াদিল্লিতে ৪৫তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে ত্রিপুরা প্যাভিলিয়নের উদ্বোধন করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর, ২০২৬: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ৪৫তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে আজ ত্রিপুরা প্যাভিলিয়নের উদ্বোধন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, শিল্পায়ন, উদ্যোগপতি সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। কৃষিভিত্তিক শিল্প, বাঁশ ও হস্তশিল্প, রাবার, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ত্রিপুরার বিপুল বিনিয়োগ সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ত্রিপুরা প্যাভিলিয়নে আগর ও আগরজাত পণ্য, বাঁশ-বেতের সামগ্রী, হস্ততাঁত, হস্তশিল্প, প্রক্রিয়াজাত খাদ্য, রাবারজাত পণ্য ও জৈব কৃষিপণ্য প্রদর্শিত হচ্ছে। এতে অংশগ্রহণ করেছে TKVIB, TRLM, TTDCL, THHDCL, DHHS, বন দপ্তরের SCATFORM প্রকল্প, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের TSOFDA এবং ত্রিপুরা বাঁশ মিশন। এছাড়া, বিনিয়োগকারীদের রাজ্যের শিল্প ও বাণিজ্যের সম্ভাবনা সম্পর্কে অবহিত করতে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি ত্রিপুরার পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। মেলার প্রথম পাঁচ দিন, ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ‘বিজনেস ডে’ হিসেবে নির্ধারিত হয়েছে। এই সময়ে রাজ্য সরকারের পদস্থ আধিকারিকরা দেশ-বিদেশের ব্যবসায়িক সংস্থা ও বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করবেন।

ত্রিপুরা প্যাভিলিয়ন উদ্বোধনের পর মন্ত্রী ভারত মণ্ডপমের ১ নম্বর হলে রাজ্যের তিনটি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট স্টলেরও উদ্বোধন করেন। স্টলগুলিতে সিপাহীজলা জেলার বাঁশজাত পণ্য, উত্তর ত্রিপুরার আগর ও আগরজাত পণ্য এবং পশ্চিম ত্রিপুরা জেলার বাঁশের তৈরি অলংকার সামগ্রী স্থান পেয়েছে। উল্লেখ্য, ১৪ দিনব্যাপী ৪৫তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার চলবে ১৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। এই মেলায় ত্রিপুরার অংশগ্রহণের মাধ্যমে রাজ্যের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, শিল্প ও বাণিজ্য দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সুভাষ চন্দ্র দাস, ত্রিপুরা ভবনের যুগ্ম আবাসিক কমিশনার সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ। দিল্লিতে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment