দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে তাণ্ডব, উত্তেজনা

দুর্গাপুর, ১৪ নভেম্বর : মানকরের পর এবার দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডবের অভিযোগ। শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের ফরিদপুর এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে একদল দুষ্কৃতী কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। ঘটনাকে ঘিরে উত্তজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনায় জানা গেছে, শুক্রবার সকালে দুর্গাপুর গান্ধীমোড় সংলগ্ন বিজেপির পার্টি অফিসে ফেস্টুন ছেঁড়া পড়ে থাকতে দেখা যায়। ভেতরে জিনিসপত্র লন্ডভন্ড। ভাঙচুর চালায় বলে অভিযোগ। বিজেপি নেতৃত্বের দাবি, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। দুষ্কৃতীরা কার্যালয়ে থাকা দলীয় শীর্ষ নেতৃত্বের ছবি লাগানো ফেস্টুন ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। শুধু তাই নয়, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে কার্যালয়ের সিসি ক্যামেরার তারও ছিঁড়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে দুর্গাপুরের ২ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি নিরঞ্জন মণ্ডল বলেন, “এটি একটি জঘন্যতম অন্যায়। দলীয় উচ্চ নেতৃত্বের ছবি লাগানো ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয়েছে। পুলিশের উপর আমাদের ভরসা রয়েছে। পুলিশ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক।”

 উল্লেখ্য, দুদিন আগে বুদবুদের মানকরে দিনদুপুরে বিজেপির পার্টি অফিস ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। যদিও ঘটনায় দুজন ধরা পড়ে পুলিশের তদন্তে। তারপর এদিনের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এদিন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment