তৃণমূল পরিচালিত লাউদোহার জেমুয়া পঞ্চায়েতে আলমারি ভেঙে চুরি! দুর্নীতির ফাইল লোপাটের অভিযোগ বিজেপির

দুর্গাপুর, ১৪ নভেম্বর : একটি নয়, দুটি নয়। একেবারে ৮ আলমারির তালা ভেঙে ফাইল রহস্যজনক চুরি! দুর্নীতির ফাইল লোপাটের অভিযোগে সরব বিজেপি। সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ফাইল লোপাট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শুক্রবার ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়াল তৃণমূল কংগ্রেস পরিচালিত লাউদোহার জেমুয়া পঞ্চায়েতে।

প্রসঙ্গত, পুজোর ছুটির দরুন পঞ্চায়েত বন্ধ ছিল। শুক্রবার সকালে পঞ্চায়েত অফিস খুলতে এসে নজরে পড়ে দরজার তালা ভাঙা। ভেতরে ৮ টি আলমারারির তালা ভাঙা ফাইল গায়েব। অভিযোগ, অফিসের মূল দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে একের পর এক আটটি আলমারি ভাঙা হয়েছে। সেই আলমারিগুলিতেই বিভিন্ন সরকারি প্রকল্পের ফাইল ও গুরুত্বপূর্ণ নথি রাখা থাকত। আর ওইসব গুরুত্বপূর্ণ ফাইল গায়েব। ঘটনার খবর চাউর হতেই শোরগোল শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপিকর্মীরা। শুরু হয় বিক্ষোভ। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ।অন্যদিকে, পঞ্চায়েত অফিসে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। খবর ছড়াতেই পঞ্চায়েত অফিসের বাইরে ভিড় জমান বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপির অভিযোগ, ১৫ বছরের তৃণমূল শাসনকালের দুর্নীতির গুরুত্বপূর্ণ নথি লোপাট করে এই চুরির নাটক সাজানো হয়েছে। যদিও এই অভিযোগের কোনও সত্যতা এখনও সামনে আসেনি।

এদিকে, বিজেপির অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল পরিচালিত জেমুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সপ্তসতী সেন। তিনি বলেন,” কেন ফাইল চুরি হয়েছে। খতিয়ে দেখা হবে।” তবে আটটি আলমারি ভাঙার পিছনে আসল উদ্দেশ্য কী? সত্যিই কি চুরির ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? সরকারি প্রকল্পের ফাইল ঘিরে রাজনৈতিক চাপানউতোরে সরগরম শিল্পাঞ্চল। ঘটনার তদন্ত শুরু করেছে, নিউ টাউনশিপ থানার পুলিশ।

Leave a Comment