গভীর রাতে ডিজে বাজিয়ে প্রতিমা নিরঞ্জন, সাউন্ড সিস্টেমসহ গাড়ি আটক করল তেলিয়ামুড়া পুলিশ

প্রগতি ত্রিপুরা, ১৩ নভেম্বর, ২০২৬: ধর্মীয় উৎসবের আবেগের আড়ালে গভীর রাতে শব্দদূষন ও উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করা হবে না—এমনই কড়া বার্তা দিল তেলিয়ামুড়া থানার পুলিশ। প্রশাসনিক নির্দেশ অমান্য করে গভীর রাতে উচ্চস্বরে ডিজে বাজিয়ে শ্যামা মায়ের প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন কয়েকজন যুবক।

একই সঙ্গে সাউন্ড সিস্টেম-সহ সংশ্লিষ্ট গাড়িটিও আটক করা হয়। বৃহস্পতিবার রাত প্রায় ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে উচ্চস্বরে ডিজে বাজিয়ে প্রতিমা নিরঞ্জনের সময় বিষয়টি নজরে আসে তেলিয়ামুড়া থানার পুলিশের। এরপরই ঘটনাস্থলে তৎপর হয়ে ওঠেন পুলিশকর্মীরা।

শব্দদূষণ সংক্রান্ত প্রশাসনিক নির্দেশ অমান্য করার অভিযোগে সাউন্ড সিস্টেম-সহ গাড়িটি আটক করা হয় এবং সংশ্লিষ্ট কয়েকজন যুবককে থানায় নিয়ে যাওয়া হয়।
পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ ও সতর্কবার্তা দিয়ে আটক যুবক এবং গাড়িটিকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পুলিশের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল। গভীর রাতের শব্দদূষণের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানার পুলিশের এই সক্রিয় ভূমিকা ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান, ধর্মীয় উৎসব মানেই আনন্দ, আবেগ, শান্তি ও সম্প্রীতির বার্তা। কিন্তু সেই আবেগের সুযোগ নিয়ে গভীর রাতে উচ্চস্বরে ডিজে বাজিয়ে সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

ধর্মীয় উৎসবের আনন্দ যেন অন্যের কাছে যন্ত্রণার কারণ হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। ওসি আরও স্পষ্ট করেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবের প্রতি পুলিশের যথেষ্ট সম্মান রয়েছে। তবে শব্দদূষণ, জনদুর্ভোগ এবং উচ্ছৃঙ্খল আচরণের ক্ষেত্রে কোনও আপস করা হবে না।

সকলকে প্রশাসনিক নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে উৎসব পালনেরও আহ্বান জানান তিনি। সব মিলিয়ে, তেলিয়ামুড়া পুলিশের এই পদক্ষেপের মধ্য দিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হল—ধর্মীয় উৎসবের আনন্দ সকলের জন্য, কারও রাতের ঘুম ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার জন্য নয়।

 

Leave a Comment