প্রগতি ত্রিপুরা, ১৩ নভেম্বর, ২০২৬: আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে কৈলাসহর পৌর পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির প্রচার ক্রমশ জোরদার হচ্ছে।
সেই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ৮টা থেকে কৈলাসহর পৌর পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী সরজিৎ চৌধুরী (রানা)-র সমর্থনে নির্বাচনী প্রচারে নামলেন রাজ্যের সমাজশিক্ষা ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়।
তাঁর সঙ্গে প্রচারে উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ-সহ দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা।সকাল থেকেই প্রার্থীকে সঙ্গে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন বিজেপি নেতৃত্ব।
প্রচার কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। বিজেপি প্রার্থী সরজিৎ চৌধুরী (রানা)-র সমর্থনে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সাড়া মিলছে বলে দাবি দলীয় নেতৃত্বের।
প্রচার চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, সকাল থেকেই বিজেপি মনোনীত প্রার্থী সরজিৎ চৌধুরী (রানা)-র সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চলছে।বিজেপি সরকারের দীর্ঘ নয় বছরের উন্নয়নমূলক কাজ এবং গত পাঁচ বছরে কৈলাসহর পৌর পরিষদ এলাকায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষ সন্তুষ্ট।
সেই উন্নয়নের নিরিখেই ৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সর্বাধিক ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদী।একই সঙ্গে কৈলাসহর পৌর পরিষদের ১৭টি ওয়ার্ডেই বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য সাধারণ ভোটারদের কাছে আবেদন জানান মন্ত্রী।








