প্রগতি ত্রিপুরা, ১৩ নভেম্বর, ২০২৬: আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে বিরোধী দল কংগ্রেস। শাসক দলকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ জানিয়ে ভোটারদের মন জয় করতে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন কংগ্রেস প্রার্থীরা।
আগামী ২৭ নভেম্বর পৌর নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সকালে বিশালগড় পৌর পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী আলমগীর হোসেনের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চালানো হয়। এদিন তিনি নিজে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান।
প্রচারে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বর্তমান শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও ক্ষোভের কথা শুনতে হয় কংগ্রেস প্রার্থীকে। নির্বাচনে জয়ী হলে এলাকার মানুষের সমস্যা সমাধান এবং নাগরিক দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন আলমগীর হোসেন।
এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী আলমগীর হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী বিশাল সাহা, কংগ্রেস নেতা জয়দীপ রায় বর্মন-সহ অন্যান্য দলীয় কর্মী ও সমর্থকরা।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিশালগড়ের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। শেষ পর্যন্ত ভোটাররা কাদের পক্ষে রায় দেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।








