প্রগতি ত্রিপুরা, ১৩ নভেম্বর, ২০২৬: আসন্ন পুর নির্বাচনের আগে কৈলাসহরে রাজনৈতিক উত্তেজনা, কংগ্রেস কর্মীর বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ড, অভিযোগের তীর বিজেপির দিকে আসন্ন পুরপরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরার কৈলাসহর।
কৈলাসহর পুরপরিষদের ১৪ নম্বর ওয়ার্ডের বাঁধেরপার এলাকায় এক সক্রিয় কংগ্রেস কর্মীর বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা তথা সক্রিয় কংগ্রেস কর্মী দয়াময় দাস নির্বাচনী প্রচারের কাজ সেরে বাড়িতে ফেরেন। বাড়ির বারান্দায় কংগ্রেসের কিছু পতাকা রেখে তিনি ভেতরে যান।
কিছুক্ষণ পরেই বারান্দার ছাউনিতে আগুন জ্বলতে দেখেন তিনি। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা, কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা, নরসিংহ দাস ও জেলা যুব কংগ্রেস সভাপতি অভিজিৎ শীল সহ দলের অন্যান্য নেতৃত্ব।
পাশাপাশি কৈলাসহর থানার এসআই মিঠুন পালের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীও ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখে। আক্রান্ত কংগ্রেস কর্মী ও দলীয় নেতৃত্বের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই নাশকতা চালিয়েছে। ঘনবসতিপূর্ণ বাঁধেরপার এলাকায় সময়মতো আগুন না নেভানো হলে বড় ধরণের অগ্নিকাণ্ডের আশঙ্কা ছিল। ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।








