আমবাসায় বিজেপিতে ভাঙন! নির্দল প্রার্থী যুব মোর্চার মণ্ডল সভাপতি, একাধিক কর্মীর ইস্তফা

প্রগতি ত্রিপুরা, ৬ নভেম্বর, ২০২৬: আসন্ন আমবাসা পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি। বিজেপির অন্দরে অসন্তোষের জেরে একদিকে যেমন দলীয় পদ থেকে ইস্তফার ঘটনা সামনে আসছে, অন্যদিকে দলের কর্মীরাই নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হচ্ছেন। সব মিলিয়ে আমবাসায় অস্বস্তিতে গেরুয়া শিবির।

আমবাসা পুর পরিষদের ৬ ও ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির সঙ্গে যুক্ত কর্মীদের নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ৪৭ আমবাসা মণ্ডলের আইটি ইনচার্জ শুভজিৎ সাহার স্ত্রী সাগরিকা বিশ্বাস সাহা। অন্যদিকে, ১০ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমবাসা যুব মোর্চার মণ্ডল সভাপতি বিশ্বজিৎ রায়।

এদিকে, ৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সাগরিকা বিশ্বাস সাহা মনোনয়ন দাখিলের পর বিপুল জনসমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁর দাবি, ওয়ার্ডের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁকে সমর্থন জানাচ্ছেন। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন বলেই তিনি বাসিন্দাদের সমর্থনের বিষয়ে আশাবাদী।

নির্বাচনে জয়ী হলে আগামী দিনেও এলাকার উন্নয়নে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

অন্যদিকে, বিজেপির একাধিক কর্মীর পদত্যাগ এবং দলীয় পদে থাকা নেতাদের নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘটনা আসন্ন পুর পরিষদ নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতিতে আমবাসায় বিজেপির নির্বাচনী লড়াই কতটা চ্যালেঞ্জের মুখে পড়ে, এখন সেটাই দেখার বিষয়।

 

Leave a Comment