বক্সনগর বিএসএফের উপর হামলা: ধৃত আরও ৮ জনকে ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

অনলাইন ডেস্ক, ০৬ নভেম্বর, ২০২৬: সিপাহীজলা জেলার বক্সনগরের আশাবাড়িতে বিএসএফ জওয়ানদের উপর অতর্কিত হামলা এবং অস্ত্র ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় আরও ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে কলমচৌড়া থানার পুলিশ। শুক্রবার ধৃতদের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাদের রিমান্ডের আবেদন জানালেও, আদালতের বিচারক তাদের ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে এই আটজন অভিযুক্তকে আটক করা হয়। শুক্রবার তাদের সিপাহীজলা জেলা ও দায়রা জজ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস সায়ন্তন রায়ের আদালতে হাজির করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হলেও আদালত সমস্ত দিক বিবেচনা করে ধৃতদের ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

এ নিয়ে এই মামলায় মোট ১৮ জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এর আগে গত ৩ নভেম্বর এই ঘটনার প্রথম পর্যায়ে ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। আদালত তাদের পুলিশ রিমান্ড ও জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল রহস্য এবং নেপথ্যে থাকা অন্যান্য চক্রীদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

মামলার পাবলিক প্রসিকিউটর (পিপিপি) গৌতম গিরি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছিল। আদালত আইন অনুযায়ী পরবর্তী নির্দেশ দিয়েছে। এই ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।” উল্লেখ্য, বিএসএফের উপর এই ধরনের হামলার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

Leave a Comment