খোয়াইয়ে সিপিআইএমের প্রতিবাদ কর্মসূচি, থানার ওসির কাছে স্মারকলিপি

প্রগতি ত্রিপুরা, ৬ নভেম্বর, ২০২৬: আসন্ন খোয়াই পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। সিপিআইএমের মনোনীত প্রার্থী ও তাঁদের প্রস্তাবকদের উপর হামলা, হেনস্তা এবং মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হলো সিপিআইএম খোয়াই মহকুমা কমিটি। এই ঘটনার প্রতিবাদে দলের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি খোয়াই থানার ওসির কাছে স্মারকলিপি প্রদান করেন দলীয় নেতৃত্ব।

সিপিআইএমের অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশন পৌর ও নগর সংস্থার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার পর থেকেই খোয়াই পৌর পরিষদ এলাকায় শাসকদলের কর্মীদের একাংশ ভীতি ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। গত ২ নভেম্বর থেকে দলের প্রার্থী ও সমর্থকদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ জানানো হয়।

দলীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর খোয়াই পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডের সিপিআইএম মনোনীত প্রার্থীরা রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেন। সেই উদ্দেশ্যে সুভাষপাড়া থেকে মিছিল করে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু অভিযোগ, ওই দিন সকাল থেকেই অফিসটিলা রোডের বিভিন্ন স্থানে শাসকদলের কর্মীরা জমায়েত করেন। পরবর্তীতে বাইক মিছিল করে সিপিআইএমের পার্টি অফিসের সামনে এসে মনোনয়ন জমা দিতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।

এই পরিস্থিতিতে সাময়িকভাবে পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত রেখে শহরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা করেন সিপিআইএম কর্মী-সমর্থকরা। পরে বিকল্প পথ ব্যবহার করে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিতে সক্ষম হন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, সিপিআইএমের আরও অভিযোগ, ওই দিন রাতেই খোয়াই শহরের লালছড়া এলাকার ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের দলের প্রার্থীদের প্রস্তাবকদের বাড়িঘরে হামলা চালানো হয় এবং ভাঙচুর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

এরই প্রতিবাদে আজ দুপুর ১টায় খোয়াইয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে সিপিআইএম খোয়াই মহকুমা কমিটি। পরে দলীয় নেতৃত্ব খোয়াই থানার ওসির হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সমস্ত ধরনের রাজনৈতিক হিংসা বন্ধ এবং প্রার্থী ও তাঁদের সমর্থকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়।

সিপিআইএম নেতৃত্বের হুঁশিয়ারি, অবিলম্বে এই ধরনের ঘটনা বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন পরিচালনার ব্যবস্থা না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেদল।

 

Leave a Comment