প্রগতি ত্রিপুরা, ৫ নভেম্বর, ২০২৬: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন এক শয্যাশায়ী বৃদ্ধ। চোখের সামনে আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গেল বসতঘর ও সংসারের শেষ সম্বল। বাবাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও শেষরক্ষা করতে পারলেন না তাঁর শারীরিক প্রতিবন্ধী ছেলে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
ঘটনাটি ঘটেছে সাব্রুম মহকুমার দমদমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসটিলায়। জানা গিয়েছে, গভীর রাতে পরিবারের সদস্যরা যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় হঠাৎ বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং গ্রাস করে গোটা বাড়ি।
ঘরের ভিতরে শয্যাশায়ী অবস্থায় ছিলেন বৃদ্ধ মানিকচন্দ্র দাস। আগুনের খবর পেয়ে তাঁকে উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা চালান তাঁর শারীরিক প্রতিবন্ধী ছেলে সঞ্জিত দাস। বাবাকে বাঁচাতে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশের চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে শেষ পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। মর্মান্তিকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় মানিকচন্দ্র দাসের।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় সাব্রুম থানার পুলিশ। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে পরিবারের বসতঘর ও যাবতীয় সম্পদ।
আকস্মিক এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।
একদিকে বাবাকে হারানোর অসহনীয় যন্ত্রণা, অন্যদিকে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটানোর আশঙ্কায় সঞ্জিত দাস। স্থানীয়দের মতে, আর্থিকভাবে দুর্বল এই পরিবারের ওপর নেমে আসা এমন বিপর্যয় অত্যন্ত হৃদয়বিদারক। প্রশাসনের পাশাপাশি সহৃদয় ব্যক্তি ও সমাজসেবী সংগঠনগুলির সহযোগিতার আবেদন জানিয়েছেন এলাকাবা
সী।








