পারিবারিক বিবাদের জের? রাস্তার পাশ থেকে উদ্ধার যুবকের রহস্যমৃত্যুর দেহ

প্রগতি ত্রিপুরা, ৫ নভেম্বর, ২০২৬: পারিবারিক বিবাদের জেরে কি খুন, নাকি অন্য কোনও কারণে মৃত্যু? রাস্তার ওপর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল যাত্রাপুর পঞ্চায়েতের অধীন বিরামপুর এলাকায়। মৃতের নাম হাদিউল (বাবিহুর) রহমান (৪২)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আনুমানিক রাত ৩টা নাগাদ রাস্তার ওপর ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে। মৃতের গলায় একাধিক দাগ লক্ষ্য করা যাওয়ায় মৃত্যুর ঘটনাকে ঘিরে হত্যার সন্দেহ আরও জোরালো হয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, নিহত হাদিউল রহমানের সঙ্গে তাঁর স্ত্রী জান্নাতের দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিবাদ চলছিল। তাঁদের দাম্পত্য জীবনের প্রায় সাড়ে পাঁচ বছর ধরে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অশান্তি লেগেই ছিল। এই বিবাদ মেটাতে এর আগেও একাধিকবার সালিশি বৈঠক বসেছিল বলে জানা গিয়েছে।
নিহতের বড় ভাই আব্দুল খালেকের অভিযোগ, পারিবারিক বিবাদের জেরেই পরিকল্পিতভাবে তাঁর ভাইকে খুন করা হয়ে থাকতে পারে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় যাত্রাপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

 

Leave a Comment