AMC নির্বাচনকে সামনে রেখে বিজেপির নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে, মনোনীত প্রার্থীদের সংবর্ধনা

প্রগতি ত্রিপুরা, ৫ নভেম্বর, ২০২৬: আসন্ন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন (AMC) নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একদিকে নির্বাচনী রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক, অন্যদিকে মনোনীত প্রার্থীদের সংবর্ধনা—দুই কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী ময়দানে সক্রিয় হয়ে উঠেছে গেরুয়া শিবির।

বৃহস্পতিবার রাজ্য বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুর নিগম নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। দলীয় নেতৃত্বের উপস্থিতিতে প্রার্থীদের সংবর্ধনা জানিয়ে নির্বাচনে সাফল্যের জন্য শুভেচ্ছা জানানো হয়।

এদিকে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলের এক গুরুত্বপূর্ণ নির্বাচনী বৈঠকেও বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রীসহ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। গত নির্বাচনে অর্জিত জয়ের ধারা বজায় রাখার পাশাপাশি এবার আরও বড় ব্যবধানে জয়লাভের লক্ষ্যে প্রার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত প্রার্থীকে সঙ্গে নিয়ে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে প্রার্থীদের সাধারণ মানুষের সঙ্গে মার্জিত ও ভদ্র আচরণ বজায় রেখে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য ও কেন্দ্র সরকারের বিগত দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

বিজেপির নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বিষয় হতে চলেছে আগরতলা শহরের সামগ্রিক উন্নয়ন। হাওড়া রিভার ফ্রন্টের উন্নয়ন, বিভিন্ন লেকের সৌন্দর্যবর্ধন, উন্নত রাস্তাঘাট, আধুনিক স্ট্রিট লাইট ব্যবস্থা, লাইটহাউসের উদ্বোধন, বিমানবন্দর সড়কের ফোর-লেন সম্প্রসারণ, বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ, পুর পরিষেবা ও স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নকে প্রচারের হাতিয়ার হিসেবে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটন ও ক্রীড়াক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগও প্রচারে গুরুত্ব পাবে।

অন্যদিকে, বিরোধীদের ইন্ডিয়া জোটের আসন সমঝোতা ও অভ্যন্তরীণ ঐক্য নিয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, আগে যে জোটকে ‘ইন্ডিয়া’ বলা হতো, এখন তা ‘ইন্ডি’ জোটে পরিণত হয়েছে। বিরোধীদের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রী দাবি, বিরোধীদের বিভ্রান্তিকর বক্তব্যের পরিবর্তে দল দৃশ্যমান উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।

নির্বাচনে জয়ের ব্যাপারেও যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি মুখ্যমন্ত্রী। , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরা সরকারের উন্নয়নমূলক কাজের প্রতি সাধারণ মানুষের আস্থা রয়েছে। ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের ধারাকে সামনে রেখেই এবার গত নির্বাচনের তুলনায় আরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবে বিজেপি।

সব মিলিয়ে প্রার্থী সংবর্ধনা, সাংগঠনিক বৈঠক এবং নির্বাচনী প্রচারের রূপরেখা চূড়ান্ত করার মধ্য দিয়ে AMC নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি আরও সুসংহত করার পথে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি

।

 

Leave a Comment