আগরতলা পুর নিগম নির্বাচন: ৪৯ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

অনলাইন ডেস্ক, ৪ নভেম্বর,২০২৬: আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৫১টি আসনের মধ্যে ৪৯টিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করল প্রদেশ কংগ্রেস। বামফ্রন্টের সঙ্গে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা শেষ পর্যন্ত জিইয়ে রাখলেও, সিপিআইএমের একতরফা সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে আপাতত এককভাবে নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস।

বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের সভাপতি আশিস কুমার সাহা ৪৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। বাকি দুটি আসনের প্রার্থীর নাম বৃহস্পতিবার প্রকাশ করা হবে বলে জানান তিনি।

কংগ্রেসের বক্তব্য, বামফ্রন্টের সঙ্গে জোট নিয়ে আলোচনা চলার মধ্যেই সিপিআইএম ২৬টি আসনে প্রার্থী ঘোষণা করে দেয়। অথচ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আগে জোটের সম্ভাবনার কথা বললেও বাস্তবে একতরফা প্রার্থী ঘোষণায় জোটের পরিবেশ ধাক্কা খেয়েছে বলে মনে করছে কংগ্রেস।

সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, পুর নির্বাচনে বাম ও কংগ্রেসের মধ্যে সমঝোতা হলে তা উভয় পক্ষের জন্যই ইতিবাচক হতো। দুই দলের বহু কর্মী-সমর্থকও জোটের পক্ষে ছিলেন। কিন্তু কংগ্রেসের সঙ্গে আলোচনা না করেই বামফ্রন্ট ২৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তাঁর অভিযোগ, কংগ্রেসের সঙ্গে ছোট শরিকের মতো আচরণ করা হয়েছে। এই পরিস্থিতির পিছনে কোনও অদৃশ্য শক্তির ভূমিকা রয়েছে বলেও ইঙ্গিত করেন তিনি।

সুদীপ রায় বর্মণের দাবি, কংগ্রেস একটি সর্বভারতীয় রাজনৈতিক দল এবং আগরতলা শহরে দলের নিজস্ব জনভিত্তি ও সাংগঠনিক শক্তি রয়েছে। তাই আসন সমঝোতার ক্ষেত্রে কংগ্রেসের রাজনৈতিক অবস্থানকে গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল।

অন্যদিকে, তিপরা মথার সঙ্গে রাজনৈতিক সমীকরণ নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন সুদীপ রায় বর্মণ। তাঁর বক্তব্য, তিপরা মথা যদি বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে কংগ্রেসের সঙ্গে আসতে চায়, তাহলে তাদের স্বাগত জানাতে প্রস্তুত কংগ্রেস। মথার পক্ষ থেকে কোনও দাবি বা প্রস্তাব এলে তা নিয়েও আলোচনা ও বিবেচনা করা হবে।

এখন রাজনৈতিক মহলের নজর, শেষ মুহূর্তে কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে কোনও সমঝোতা হয় কি না এবং তিপরা মথাকে ঘিরে নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কি না।

Leave a Comment