আগরতলা রেলস্টেশনে পার্কিং ফি নিয়ে বচসা, মহিলা ডেপুটি কালেক্টরকে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক, ৪ নভেম্বর,২০২৬: কর্মস্থলে যাওয়ার পথে পার্কিং ফি আদায়কে কেন্দ্র করে বচসা, আর সেই বচসার জেরেই এক মহিলা ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেটকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠল আগরতলা রেলস্টেশনের পার্কিং জোনের কর্মীদের বিরুদ্ধে। বুধবার ভোরে এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় অভিযুক্ত এক মহিলা কর্মীকে আটক করেছে জিআরপি পুলিশ।

অভিযোগকারী নীলাঞ্জনা ভট্টাচার্যের দাবি, বুধবার ভোর ৫টা ২৪ মিনিটে আগরতলা-সাব্রুম ডেমো ট্রেনে শান্তিরবাজার যাওয়ার উদ্দেশ্যে তিনি একটি অটোতে করে রেলস্টেশনে পৌঁছান। স্টেশনের প্রবেশপথ থেকে প্রায় ৫০ মিটার দূরে অটোটি থামতেই পার্কিং জোনের কর্মীরা চালকের কাছে ২০ টাকা পার্কিং ফি দাবি করেন।

কেন পার্কিং ফি দিতে হবে, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্মীদের কাছে নিয়ম ও সরকারি নির্দেশিকা দেখানোর দাবি জানান তিনি। তাঁর অভিযোগ, চালক টাকা দিতে অস্বীকার করতেই পার্কিং কর্মীরা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে এক মহিলা কর্মী তাঁর দিকে তেড়ে আসেন। ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করতে গেলে ফোন ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়। পরবর্তী সময়ে ওই মহিলা কর্মী তাঁকে মারধর করেন বলেও অভিযোগ করেন নীলাঞ্জনা।

এই ঘটনার জেরে নির্ধারিত ট্রেনটি ধরতে পারেননি তিনি। ফলে সময়মতো কর্মস্থলেও পৌঁছানো সম্ভব হয়নি। ঘটনার বিস্তারিত জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে জিআরপি পুলিশ এক মহিলা পার্কিং কর্মীকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনা ঘিরে রেলস্টেশনে পার্কিং ফি আদায়ের নিয়ম ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্ধারিত পার্কিং এলাকায় গাড়ি না দাঁড় করিয়েও কেন ফি দাবি করা হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। সাধারণ যাত্রীদের সঙ্গে পার্কিং কর্মীদের দুর্ব্যবহার এবং নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

উল্লেখ্য, আগরতলা শহরের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে একাধিক পার্কিং জোন। এসব পার্কিং ব্যবস্থার বৈধতা, ফি আদায়ের নিয়ম এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থার পরিচয় নিয়ে মাঝেমধ্যেই অভিযোগ ওঠে। সাধারণ মানুষের একাংশের অভিযোগ, পার্কিং ফি আদায়ের নামে কোথাও কোথাও যাত্রী ও গাড়িচালকদের হয়রানির শিকার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে সামান্য টাকা নিয়ে বচসা থেকে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

রেলস্টেশনের এই ঘটনার পর পার্কিং ফি আদায়ের বৈধতা, সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন এবং কর্মীদের আচরণবিধি খতিয়ে দেখার দাবি উঠেছে। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Leave a Comment