চুরির টাকায় বিলাসবহুল জীবন! স্বর্ণালঙ্কার বিক্রি করে কেনে বাইক ও মোবাইল, গ্রেফতার অভিযুক্ত

প্রগতি ত্রিপুরা, ৪ নভেম্বর, ২০২৬: স্বর্ণালঙ্কার চুরি করে তা বিক্রি করে বিলাসবহুল জীবনযাপনের অভিযোগে রবিউল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। মঙ্গলবার রাতে বক্সনগরের পুটিয়া সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত মাসে বিশালগড়ের দুর্গানগর এলাকার একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে প্রচুর পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছিল। এ ঘটনায় বিশালগড় থানায় ৯৩/২০২৬ নম্বরে মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ রবিউল হোসেনের সন্ধান পায়। সে দুর্গানগর এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম সুলতান আহমেদ।

তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান, চুরি করা স্বর্ণালঙ্কার বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে অভিযুক্ত একটি নতুন বাইক ও মোবাইল ফোন কেনে। পাশাপাশি চুরির টাকায় একটি গাড়ি কেনারও তথ্য উঠে এসেছে। অভিযুক্তের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত গাড়ি এবং নতুন কেনা বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ বলে জানা গেছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। বর্তমানে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বুধবার ধৃতকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের সন্ধান এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে তদন্ত অব্যাহত রেখেছে বিশালগড় থানার পুলিশ।

Leave a Comment