বিএসএফের উপর হামলার প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় আলফু মিয়া ও তাঁর ছেলেরা

প্রগতি ত্রিপুরা, ৪ নভেম্বর, ২০২৬: বক্সনগরের আশাবাড়ি এলাকায় বিএসএফের উপর হামলার ঘটনার প্রতিবাদ করায় এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে উদয়পুর মহকুমার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুড়াপাড়া এলাকায়। আক্রান্তের নাম মাখন দাস (৭৫)। তাঁর অভিযোগ, আলফু মিয়া ও তাঁর ছেলেরা মিলে তাঁর উপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মুড়াপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে আলফু মিয়াসহ কয়েকজন বক্সনগরের আশাবাড়ি এলাকায় বিএসএফের উপর হামলার ঘটনা নিয়ে আলোচনা করছিলেন। সেই সময় আলোচনার একপর্যায়ে বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেনকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দা মাখন দাস। তাঁর বক্তব্য ছিল, বিএসএফের উপর হামলার ঘটনার সঙ্গে বিধায়ক তোফাজ্জল হোসেনকে জড়িয়ে দেখা উচিত নয় এবং ওই ঘটনার সঙ্গে বিধায়কের কোনও যোগসূত্র নেই।

এই বিষয়কে কেন্দ্র করেই মাখন দাসের সঙ্গে আলফু মিয়ার বচসা হয় বলে জানা গেছে। অভিযোগ, এরপর ক্ষুব্ধ অবস্থায় সেখান থেকে বাড়ি চলে যান আলফু মিয়া।

মাখন দাসের অভিযোগ, ওই ঘটনার জের ধরেই মঙ্গলবার রাতে জামজুরি বাজার থেকে বাড়ি ফেরার পথে মুড়াপাড়া পঞ্চায়েত কার্যালয়ের সংলগ্ন এলাকায় তাঁর উপর হামলা চালায় আলফু মিয়া ও তাঁর ছেলেরা। অতর্কিত হামলায় তিনি আহত হন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

পরে স্থানীয় বাসিন্দারা আহত মাখন দাসকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর প্রাথমিক চিকিৎসা করেন। চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

আক্রান্ত মাখন দাসের দাবি, বক্সনগরের ঘটনার প্রতিবাদ করার কারণেই তাঁকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত আলফু মিয়া ও তাঁর ছেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি কাকড়াবন থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

প্রকাশ্যে এক বৃদ্ধের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের বক্তব্য কিংবা পুলিশের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়

নি।

 

Leave a Comment