প্রগতি ত্রিপুরা, ২ নভেম্বর, ২০২৬: শ্রীশ্রী গোপাল জি মণিপুরী কলাক্ষেত্রের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ধিনগর, রানিরবাজারের মণিপুরী অধ্যুষিত এলাকায় এক বর্ণাঢ্য মণিপুরী নৃত্য ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী মণিপুরী সংস্কৃতি, কৃষ্টি ও পরম্পরাকে তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী রতন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কালচার অ্যাডভাইজারি বোর্ডের সদস্য সেনাম দীপক কুমার সিংহ, শিলংয়ের বিশিষ্ট সমাজসেবী রাজেশ ভুভী এবং অমর ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যের বিশিষ্ট মৃদঙ্গ বাদক রঞ্জিত শর্মা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রাজ্যের দুই বিশিষ্ট মৃদঙ্গ বাদককে বিশেষ সম্মাননা প্রদান। তাঁদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দিয়ে শিল্পকলার প্রতি তাঁদের অবদানের স্বীকৃতি জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক রতন চক্রবর্তী মণিপুরী সমাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি ও পরম্পরাকে রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। বর্তমান ডিজিটাল যুগেও যেভাবে মণিপুরী সমাজ নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও আশ্বাস দেন, শ্রীশ্রী গোপাল জি মণিপুরী কলাক্ষেত্রের উন্নয়ন এবং মণিপুরী সমাজের প্রয়োজনীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাঁর তহবিল থেকে যথাসাধ্য সহযোগিতা করবেন। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা নিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান মণিপুরী সমাজের মানুষের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।








