ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লেফট লিপ ও ক্লেফট প্যালেট সার্জিক্যাল ক্যাম্প, উপকৃত হবে জন্মগত ত্রুটিতে আক্রান্ত শিশুরা

প্রগতি ত্রিপুরা, ২ নভেম্বর, ২০২৬: জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত শিশুদের উন্নত চিকিৎসা এবং বিনামূল্যে অস্ত্রোপচারের সুযোগ করে দিতে ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ড. ব্রাম টিচিং হাসপাতালে আয়োজন করা হয়েছে ক্লেফট লিপ ও ক্লেফট প্যালেট সার্জিক্যাল ক্যাম্প। ন্যাশনাল হেলথ মিশন (এনএইচএম)-এর আরবিএসকে টিম, ত্রিপুরা মেডিকেল কলেজ এবং মিশন স্মাইলের মধ্যে ত্রিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে ন্যাশনাল হেলথ মিশনের মেম্বার সেক্রেটারি ড. শোভিক জানান, সমীক্ষা অনুযায়ী ত্রিপুরায় প্রতি বছর আনুমানিক ৬০ থেকে ৬৫ জন শিশু ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেটের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। এই শিশুদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনতে আরবিএসকে-র মোবাইল টিম অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও বিদ্যালয়গুলিতে নিয়মিত স্ক্রিনিং করে। প্রাথমিকভাবে চিহ্নিত শিশুদের পরবর্তী পরীক্ষার জন্য ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। অস্ত্রোপচারের উপযুক্ত বলে বিবেচিত শিশুদের এখানেই অপারেশনের ব্যবস্থা করা হয়।

তিনি আরও জানান, জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যার ক্ষেত্রে দ্রুত রোগ শনাক্তকরণ এবং সময়মতো অস্ত্রোপচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে চিকিৎসা হলে শিশুদের স্বাভাবিকভাবে খাওয়া, কথা বলা এবং সামাজিক বিকাশে ইতিবাচক পরিবর্তন আসে। অন্যদিকে, চিকিৎসায় বিলম্ব হলে খাওয়া ও কথা বলার ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিতে পারে, যা শিশুর সামগ্রিক বিকাশকে প্রভাবিত করে। তাই নিয়মিত স্ক্রিনিং ও সার্জিক্যাল ক্যাম্পের মাধ্যমে আক্রান্ত শিশুদের চিকিৎসার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ত্রিপুরায় ক্লেফট লিপ ও ক্লেফট প্যালেট সমস্যায় আক্রান্ত প্রায় ১,১৬৫ জন শিশুর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এই উদ্যোগের ফলে জন্মগত ত্রুটিতে আক্রান্ত আরও বহু শিশু উন্নত চিকিৎসা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএএস কিরণ গিত্তে, ত্রিপুরা মেডিকেল কলেজ সোসাইটির চিফ এক্সিকিউটিভ অফিসার সপন সাহা, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. রিমন দত্ত, হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট অধ্যাপক ড. জয়ন্ত বর্ধন, জয়েন্ট মিশন ডিরেক্টর ড. জ্যোতি দেববর্মা-সহ আরবিএসকে টিমের সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের ইএনটি, সার্জারি ও অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসক ও ফ্যাকাল্টি সদস্য, মিশন স্মাইলের প্রতিনিধিরা এবং চিকিৎসা পরিষেবা নিতে আসা শিশু ও তাঁদের অভিভাবকে

রা।

 

Leave a Comment