প্রগতি ত্রিপুরা, ২ নভেম্বর, ২০২৬: আসন্ন ২৭ নভেম্বরের পৌর নির্বাচনকে কেন্দ্র করে খোয়াইয়ে মনোনয়নপত্র দাখিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মনোনয়নপত্র জমা দিতে না পারার অভিযোগ তুলেছে বামফ্রন্ট নেতৃত্ব।
বামফ্রন্টের অভিযোগ, আজ দুপুর ১২টা নাগাদ দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে রিটার্নিং অফিসারের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা। কিন্তু নির্ধারিত মূল রাস্তা দিয়ে যাওয়ার পরিবর্তে পুলিশ তাঁদের বিকল্প রাস্তা ব্যবহার করার প্রস্তাব দেয়। পুলিশের এই প্রস্তাবকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের নির্দেশে অসন্তোষ প্রকাশ করেন বামফ্রন্টের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
বামফ্রন্টের দাবি, পুলিশ প্রশাসনের অসহযোগিতা ও ব্যর্থতার কারণেই তাঁদের প্রার্থীরা নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সময়ে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় প্রশাসনের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে বামফ্রন্ট।
আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে এই ঘটনায় খোয়াইয়ের রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বামফ্রন্টের তোলা অভিযোগের বিষয়ে পুলিশ প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। প্রশাসনের বক্তব্য সামনে এলে ঘটনার প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্ট হবে।








