মনুরমুখ রেলব্রিজে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার!

প্রগতি ত্রিপুরা, ০১ নভেম্বর, ২০২৬: রেললাইনে ফের মৃত্যুর ঘটনা! বিলোনিয়া থানাধীন মনুরমুখ রেলব্রিজ সংলগ্ন এলাকা থেকে রবিবার সকালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা ও খণ্ডবিখণ্ড মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মনুরমুখ রেলব্রিজ সংলগ্ন এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিলোনিয়া জিআরপি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিলোনিয়া হাসপাতালে পাঠায়।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, রেলে কাটা পড়েই ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। উদ্ধার হওয়া মৃতদেহটি পচাগলা ও খণ্ডবিখণ্ড অবস্থায় থাকায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আনুমানিক ৫৫ বছর বয়সি ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন বলে দাবি স্থানীয়দের।

এদিকে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু করেছে জিআরপি পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে রেল নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, মনুরমুখ রেলব্রিজ সংলগ্ন একই এলাকায় এর আগেও রেললাইনে কাটা পড়ে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে একই স্থানে বারবার এমন প্রাণহানির ঘটনা ঘটায় উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

কেন বারবার এই এলাকায় ঘটছে প্রাণহানির ঘটনা? রেলব্রিজ সংলগ্ন এলাকায় নিরাপত্তা ও নজরদারির কোনও ঘাটতি রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠছে স্থানীয় মহলে। এখন দেখার বিষয়, পরপর এমন মৃত্যুর ঘটনা রুখতে রেল কর্তৃপক্ষ ও প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Comment