প্রগতি ত্রিপুরা, ০১ নভেম্বর, ২০২৬: মানভূম আন্দোলনের শহিদ ও আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে ‘আমরা বাঙালী’ দলের পক্ষ থেকে রাজ্য কার্যালয়ের সামনে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল, যুগ্ম ও প্রচার সচিব দুলাল ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক কুমার দাস-সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল মানভূম আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ব্রিটিশ শাসনামল থেকেই বাঙালিদের উপর অত্যাচার, দমন-পীড়ন ও নির্যাতন শুরু হয়েছিল। স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী বহু বিপ্লবীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে কুখ্যাত সেলুলার জেলে পাঠানো হয়েছিল। বাংলার বিপ্লবী কর্মকাণ্ড স্তব্ধ করতে ব্রিটিশ সরকার বিভিন্ন দমনমূলক কৌশল গ্রহণ করে। এমনকি বঙ্গভঙ্গের সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছিল। তবে বাংলার বুদ্ধিজীবী সমাজ, প্রগতিশীল জাতীয়তাবাদী নেতা এবং সাধারণ মানুষের তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয় ব্রিটিশ সরকার।
তিনি আরও বলেন, পরবর্তীতে ব্রিটিশ সরকার কৌশলগত কারণে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে। পাশাপাশি খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ মানভূম, সিংভূম-সহ বাংলার বিস্তীর্ণ অঞ্চল বিহার ও ওড়িশার সঙ্গে যুক্ত করা হয়। তাঁর বক্তব্য অনুযায়ী, তৎকালীন কংগ্রেস নেতৃত্ব দেশ স্বাধীন হওয়ার পর বাংলার এই অঞ্চলগুলি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দেশভাগের সময় বাংলাকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্তের ফলে বহু বাঙালিকে উদ্বাস্তু জীবনে বাধ্য হতে হয় এবং তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
গৌরাঙ্গ রুদ্র পালের অভিযোগ, অসম ও বিহারে তৎকালীন কংগ্রেস পরিচালিত সরকারগুলির আমলে বাঙালিদের মাতৃভাষার অধিকার খর্ব করার চেষ্টা করা হয়েছিল। অসমে অসমীয়া এবং বিহারে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার উদ্যোগের পাশাপাশি বাংলা মাধ্যমের বিদ্যালয় বন্ধ করার প্রক্রিয়াও শুরু হয়েছিল বলে তিনি দাবি করেন। এর প্রতিবাদে অসমের বাঙালিরা যেমন মাতৃভাষার অধিকার রক্ষায় আন্দোলনে নামেন, তেমনি মানভূমের বাঙালিরাও বাংলা ভাষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ আন্দোলন গড়ে তোলেন।
তাঁর বক্তব্যে উঠে আসে মানভূম ভাষা আন্দোলনের ঐতিহাসিক পদযাত্রার প্রসঙ্গও। তিনি জানান, আন্দোলনকারীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন, ধরপাকড় এবং প্রশাসনিক বাধা সৃষ্টি করেও আন্দোলন স্তব্ধ করা সম্ভব হয়নি। ১৪৪ ধারা জারি করেও সত্যাগ্রহীদের দমিয়ে রাখা যায়নি। আন্দোলনের প্রথম সারির নেতারা কেন্দ্রীয় নেতৃত্ব এবং পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের সঙ্গে সাক্ষাৎ করেও কাঙ্ক্ষিত সমাধান পাননি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শেষ পর্যন্ত ১৯৫৬ সালের ২৩ এপ্রিল পাকবিড়রা থেকে হাজার হাজার সত্যাগ্রহী প্রশাসনিক বাধা ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। দীর্ঘ পথ অতিক্রম করে ৬ মে সকাল ১০টা নাগাদ তাঁরা কলকাতায় পৌঁছান। সেখানেও ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করে কারাবন্দি করা হয়।
রাজ্য সচিবের বক্তব্য অনুযায়ী, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর বিহার, পশ্চিমবঙ্গ ও কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে মানভূমের ১১০০২ বর্গমাইল এলাকার মধ্যে ২৪০৭ বর্গমাইল অঞ্চল পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। পরবর্তীতে এই অঞ্চল নিয়ে গঠিত হয় পুরুলিয়া জেলা। বাকি অঞ্চল বিহারের সঙ্গে থেকে যায়, যার একটি অংশ বর্তমানে ঝাড়খণ্ডের অন্তর্ভুক্ত।
তিনি বলেন, প্রতিবছর ১ নভেম্বর মানভূম দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু মানভূম আন্দোলনের শহিদ ও সংগ্রামীদের আত্মত্যাগ যথাযথভাবে স্মরণ করার পাশাপাশি তাঁদের ভাষা ও অধিকার রক্ষার সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি অভিযোগ করেন, স্বাধীনতার এত বছর পরেও বিভিন্ন রাজ্যে বাঙালিরা ভাষাগত ও সামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন। আগে অসম, ত্রিপুরা ও বিহারের মতো কয়েকটি রাজ্যে এই সমস্যা সীমাবদ্ধ থাকলেও বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিদের নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে বলে তিনি দাবি করেন। রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এদিনের কর্মসূচির মধ্য দিয়ে মানভূম আন্দোলনের শহিদ ও সংগ্রামীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি বাঙালির ভাষা, সংস্কৃতি, অধিকার ও আত্মপরিচয় রক্ষার আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানায় ‘আমরা বাঙালী’ দলের নেতৃত্ব।








