প্রগতি ত্রিপুরা, ০১ নভেম্বর, ২০২৬: আলোর উৎসব দীপাবলি উপলক্ষে জিরানিয়া মহকুমার চম্পকনগরস্থিত শ্রী শ্রী শান্তিকালী সেবাশ্রমে আগামী ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সেবাশ্রম প্রাঙ্গণে ইতিমধ্যেই ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে যজ্ঞ, নামকীর্তন, কের পূজা এবং বনকুমারী পূজা-সহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান। এর পাশাপাশি আগামী ৯ নভেম্বর ত্রিপুরাবাসী তথা সমগ্র বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় অনুষ্ঠিত হবে বিশেষ অশ্বমেধ যজ্ঞ। উল্লেখ্য, প্রতিবছর দীপাবলি উৎসবের পরের দিন এই অশ্বমেধ যজ্ঞের আয়োজন করা হয়ে থাকে।
এদিকে, অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে গুরু মহারাজের দীক্ষানুষ্ঠান। বক্তার বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন গুরু মহারাজ বাইরে থাকায় এবং নিয়মিতভাবে দীক্ষানুষ্ঠানের আয়োজন না হওয়ায় বহু ভক্ত এখনও দীক্ষা গ্রহণের সুযোগ পাননি। ফলে গুরু মহারাজের সান্নিধ্য ও আশীর্বাদ লাভের আশায় বহু ভক্তের মধ্যে দীক্ষা গ্রহণের প্রবল আগ্রহ রয়েছে।
জানা গেছে, দীক্ষা গ্রহণে ইচ্ছুক ভক্তদের নির্দিষ্ট সময়ের মধ্যে, বিশেষ করে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে উপস্থিত থাকতে হবে। দীক্ষা সংক্রান্ত প্রক্রিয়া বিকেল ৪টার মধ্যে সম্পন্ন করা হবে।
শ্রী শ্রী শান্তিকালী সেবাশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে চার দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্ত, ধর্মপ্রাণ মানুষ ও সাধারণ জনগণকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।








