প্রগতি ত্রিপুরা, ২৭ অক্টোবর, ২০২৬ : ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সন্তানকে বাড়িতে রেখে এক গৃহবধূর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাব্রুমের লুধুয়া এলাকায়। নিখোঁজ গৃহবধূর নাম মঞ্জু ত্রিপুরা (২৬)। স্ত্রীর সন্ধান চেয়ে সাব্রুম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর স্বামী ভজন ত্রিপুরা।
মঙ্গলবার সাব্রুম থানার সামনে ঘটনার বিবরণ দিতে গিয়ে ভজন ত্রিপুরা জানান, গত শুক্রবার সকালে নারকেল আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর স্ত্রী। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরে খোঁজখবর নিয়ে স্বামী জানতে পারেন, বাড়ি থেকে বেরোনোর সময় নিজের আধার কার্ড-সহ গুরুত্বপূর্ণ নথিপত্রও সঙ্গে নিয়ে গিয়েছেন মঞ্জু।
স্বামীর দাবি, স্ত্রীর মোবাইলে রিচার্জ করে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করার পরই তা বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই স্ত্রীর কোনও সন্ধান পাচ্ছেন না বলে জানান তিনি।
স্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভজন ত্রিপুরা তাঁকে বাড়ি ফিরে আসার আবেদন জানিয়েছেন। এদিকে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সাব্রুম থানার পুলিশ। তবে গৃহবধূর নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।








