প্রগতি ত্রিপুরা, ২৭ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ ত্রিপুরা জেলার উন্নয়নে নতুন গতি আনতে আগামী ৩০ অক্টোবর বিলোনিয়ায় আসছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। তাঁর হাত ধরে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে। মঙ্গলবার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি।
জেলা শাসক জানান, মুখ্যমন্ত্রীর সফরকালে বিলোনিয়া থানার নবনির্মিত ভবন, বিদ্যাপীঠ হোস্টেল এবং বিকেআই কর্নারে নবনির্মিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জির মর্মর মূর্তির উদ্বোধন-সহ বিভিন্ন প্রকল্পের সূচনা হবে। পাশাপাশি এমব্যাঙ্কমেন্ট, পানীয় জলের ট্যাঙ্ক-সহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন ও শিলান্যাস করা হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, মহকুমা শাসক দেবজ্যোতি রায়-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা, অনুষ্ঠানস্থল এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। এই প্রকল্পগুলির বাস্তবায়নের মধ্য দিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশা করছে প্রশাসন।








