প্রগতি ত্রিপুরা, ২৭ অক্টোবর, ২০২৬ : মোহনপুর মহকুমার কালিকামুড়া পূর্বপাড়ায় ৫১ ফুট উঁচু ধাতব হনুমান মূর্তি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে শ্রী শ্রী নর্মদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দির ট্রাস্ট। এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সনাতন ধর্মাবলম্বী-সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন মন্দির কর্তৃপক্ষ।
মন্দির ও ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় মানুষের সেবা, শিক্ষাসামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা এবং খেলাধুলার প্রসারে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। যুবসমাজকে নেশার কবল থেকে দূরে রাখতেও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার মন্দির প্রাঙ্গণে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সুব্রত সরকার জানান, মন্দিরের উন্নয়ন এবং ৫১ ফুট উঁচু বীর হনুমানের মূর্তি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল করতে দেশবাসী ও ধর্মপ্রাণ মানুষের কাছে সহযোগিতার আবেদন জানান তিনি। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, এই আবেদন মন্দিরের উন্নয়ন ও মূর্তি স্থাপনের কাজের জন্যই।
এদিন উপস্থিত ছিলেন সমাজসেবক তথা মন্দির ট্রাস্টের সম্পাদক হিমাংশু সরকার-সহ অন্যান্যরা। স্থানীয়দের আশা, এই মূর্তি স্থাপিত হলে কালিকামুড়া আগামী দিনে ধর্মীয় ও পর্যটন মানচিত্রে বিশেষ পরিচিতি লাভ করবে।








