প্রগতি ত্রিপুরা, ২৭ অক্টোবর, ২০২৬ : আগরতলা শহরের ২২ নম্বর ওয়ার্ডের মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন পরিত্যক্ত পুকুরের সংস্কার ও সৌন্দর্যায়ন প্রকল্পের কাজের সূচনা হলো মঙ্গলবার। ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, ওয়ার্ড কাউন্সিলর হিমানী দেববর্মা-সহ অন্যান্যরা।
এদিন মেয়র বলেন, শহরের পরিকাঠামো উন্নয়ন, নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ এবং পুর পরিষেবার মানোন্নয়নে বর্তমান পুর নিগম পরিকল্পনামাফিক কাজ করছে। শহরের বিভিন্ন পরিত্যক্ত জলাশয় সংস্কার ও সৌন্দর্যায়নের পাশাপাশি রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
পূর্ববর্তী পুর নিগম পরিচালকদের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, অতীতে দূরদর্শিতার অভাবে শহরের বহু সমস্যা দীর্ঘদিন অমীমাংসিত ছিল। বর্তমান পুর নিগম সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকারের সহযোগিতায় আগরতলাকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য বলে জানান মেয়র।








