সোনামুড়ায় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের সঙ্গে পুজো উদ্যোক্তাদের বৈঠক

প্রগতি ত্রিপুরা , ০৪ অক্টোবর, ২০২৬: শান্তিপূর্ণ উৎসব আয়োজনে প্রশাসনের নির্দেশিকা মেনে চলার আহ্বান। আসন্ন দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সোনামুড়া থানার উদ্যোগে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বছর সোনামুড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় ছোট, মাঝারি ও বড় মিলিয়ে ৫৫টিরও বেশি দুর্গাপূজার আয়োজন করা হয়েছে বিভিন্ন ক্লাব ও সংস্থার উদ্যোগে।

রবিবার সোনামুড়া টাউন হলের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সোনামুড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ তাপস দাসের নেতৃত্বে আয়োজিত বৈঠকে বিভিন্ন ক্লাব ও দুর্গাপূজা আয়োজক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসন্ন দুর্গোৎসব চলাকালীন যাতে সাধারণ মানুষ ও পুজো উদ্যোক্তাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই বিষয়েই মূলত আলোচনা হয়।

বৈঠকে ওসি তাপস দাস পুজো উদ্যোক্তাদের প্রশাসনের পক্ষ থেকে জারি করা সমস্ত নির্দেশিকা ও নিয়ম যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি পুজোর দিনগুলিতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সকলকে উৎসবের আনন্দে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে ওসি তাপস দাস জানান, আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পুলিশের পাশাপাশি টিএসআর জওয়ান এবং সাদা পোশাকের পুলিশকর্মীদেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হবে। এছাড়াও যেসব এলাকায় মানুষের ভিড় ও যানবাহনের চাপ বেশি থাকে, সেখানে সিসিটিভি ক্যামেরা ও পুলিশ সহায়তা কেন্দ্র স্থাপনের ব্যবস্থা করা হবে।

দুর্গোৎসব চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Leave a Comment