প্রগতি ত্রিপুরা , ০৪ অক্টোবর, ২০২৬: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত ছাত্রের নাম মারহেন রিয়াং (১২)। বর্তমানে সে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, কোনো এক সময় মারহেন গুলিবিদ্ধ হয়। তার শরীরের পেছনের অংশে গুলি লাগে এবং গুলিটি শরীর ভেদ করে সামনের পেটের দিক দিয়ে বেরিয়ে যায় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে ওই ছাত্র গুলিবিদ্ধ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ফলে ১২ বছরের ওই ছাত্র কীভাবে গুলিবিদ্ধ হলো, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রামভদ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে, ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তদন্তের পরই গুলিবিদ্ধ হওয়ার প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের রহস্য স্পষ্ট হবে।








