রাতে গাড়ি নিয়ে উদয়পুরে লঙ্কা কাণ্ড!আটক হয় ২ যুবক!! সেই গাড়িতে উদ্ধার হয় তলোয়ার এবং নকল বন্দুক!!!

প্রগতি ত্রিপুরা , ০৪ অক্টোবর, ২০২৬: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণার ঠিক প্রাক্কালে উদয়পুরে ফের চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শনিবার রাতে ধজ্জ্বনগর পুলিশ লাইন চৌমুহনি এলাকায় একটি দ্রুতগামী মারুতি ইকো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি অস্থায়ী দোকান ও দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িটিকে আটক করে তল্লাশি চালালে গাড়ির ভিতর থেকে একটি এয়ারগান এবং একটি ধারালো অস্ত্র উদ্ধার হয় বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উদয়পুর থেকে বাগমারার দিকে যাচ্ছিল একটি মারুতি ইকো গাড়ি, যার নম্বর TR03T0589। অভিযোগ, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে ধজ্জ্বনগর পুলিশ লাইন চৌমুহনি সংলগ্ন আগরতলা-সাবরুম জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি অস্থায়ী দোকান ও একটি বাইকের ওপর উঠে যায়। আচমকা এই ঘটনায় এলাকায় হুলুস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা গাড়িটির চালককে আটক করেন। প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, গাড়িতে থাকা দুই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। উত্তেজিত জনতা চালককে মারধরও করেন বলে জানা গেছে। পরে গাড়িটির ভিতরে তল্লাশি চালানোর সময় একটি এয়ারগান ও একটি ধারালো অস্ত্র দেখতে পান স্থানীয়রা। এরপরই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাধাকিশোরপুর থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়ির চালকসহ দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। একইসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত ইকো গাড়িটিও থানায় নিয়ে যাওয়া হয়। পরে আটক ব্যক্তিদের মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই যুবকের মধ্যে একজনের নাম কৃষাণ জমাতিয়া (২৬)। তাঁর বাড়ি উদয়পুর মহকুমার নোয়াবাড়ি মহন্ত মার্কেট এলাকায়। অপরজন অনার জমাতিয়া (৩১), তাঁর বাড়ি উদয়পুর মহকুমার পিত্রাকামী এলাকায়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে রাধাকিশোরপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া বন্দুকটি প্রাথমিকভাবে এয়ারগান বলে অনুমান করা হলেও সেটি প্রকৃতপক্ষে কী ধরনের অস্ত্র এবং এর বৈধতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি গাড়িতে থাকা ধারালো অস্ত্রটির বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল, কেন সেগুলি নিয়ে দুই যুবক গাড়িতে চলাচল করছিলেন এবং ঘটনার সঙ্গে অন্য কোনও বিষয়ের যোগসূত্র রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী পুলিশ।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর মহারানী এলাকার ওয়ারেংবাড়িতে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন ত্রিপুরা মথার প্রার্থী খাচাং রিয়াং গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। পরবর্তী সময়ে ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী ৫ অক্টোবর এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগণনা ও ফলাফল ঘোষণার কথা রয়েছে।

এমন পরিস্থিতিতে ভোটগণনার ঠিক আগের রাতে জাতীয় সড়কের পাশে একটি গাড়ি দুর্ঘটনার পর গাড়ির ভিতর থেকে এয়ারগান ও ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠেছে। যদিও উদ্ধার হওয়া অস্ত্রের প্রকৃতি, সেগুলি বহনের উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে নির্বাচনের কোনও যোগসূত্র রয়েছে কি না—এ বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। পুরো বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে ধজ্জ্বনগর পুলিশ লাইন চৌমুহনি এলাকায় রাতভর চাঞ্চল্য বজায় থাকে। বর্তমানে আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে রাধাকিশোরপুর থানার পুলিশ।

Leave a Comment