তেলিয়ামুড়ায় নাবালিকা ধর্ষণের ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ডি ওয়াই এফ আই ও নারী সমিতির!

প্রগতি ত্রিপুরা, ২২ সেপ্টেম্বর, ২০২৬: তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা পঞ্চায়েতের ডি.এম. কলোনী এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের নেক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়। গত ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ইং তারিখ দুপুর বেলা এই জঘন্য অপরাধটি সংঘটিত হয়। ঘটনাটি বিভিন্ন মাধ্যমে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি (AIDWA) এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির নজরে আসে।

জানা গেছে, ঘটনার পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত তৎপরতা দেখিয়ে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে পুলিশ আসামীকে খোয়াই জেলা আদালতে সোপর্দ করেছে।এই ঘটনার খবর পেয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের (ডিওয়াইএফআই) একটি যৌথ প্রতিনিধি দল নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে এবং ঘটনার খোঁজখবর নিতে যান।

বামপন্থী এই দুই যুব ও নারী সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে এই জঘন্য ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানানো হয়েছে। একই সাথে, ধৃত আসামীর যাতে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তা নিশ্চিত করার দাবি তুলেছেন নেতৃত্বরা।উক্ত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির নেত্রী গায়ত্রী দত্ত, নারী সংগঠনের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সভানেত্রী প্রভা দাস ভৌমিক, জেলা কমিটির নেত্রী ঝর্না দেববর্মা, তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির নেত্রী মমতা দাস।

এছাড়াও যুব সংগঠন ডিওয়াইএফআই-এর পক্ষে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক অর্ধেন্দু ঘোষ, সংগঠনের সভাপতি বিশ্বজিৎ ভৌমিক এবং বিভাগীয় কমিটির সদস্য রাজেশ দেব। সংগঠনের নেতৃত্বরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এলাকায় এই ধরণের সামাজিক অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নির্যাতিতা নাবালিকা যাতে দ্রুত ন্যায়বিচার পায়, তার জন্য তারা শেষ পর্যন্ত লড়াই জারি রাখবেন এবং পুলিশি তদন্তের গতিপ্রকৃতির ওপর কড়া নজর রাখবেন।

Leave a Comment