প্রগতি ত্রিপুরা, ২২ সেপ্টেম্বর, ২০২৬: ২৮ সেপ্টেম্বরের ভিলেজ কমিটি নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। মঙ্গলবার মুঙ্গিয়াকামি ব্লকের বিভিন্ন এলাকায় এনডিএ সমর্থিত প্রার্থীদের হয়ে প্রচারে নামেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা বিজেপি নেতা বিকাশ দেববর্মা। প্রচারের ফাঁকে তুইমধু এলাকায় একটি চায়ের দোকানে বসে স্থানীয় জনজাতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। সেখানেই এক সাক্ষাৎকারে সিপিআইএমের বিরুদ্ধে একাধিক তীব্র অভিযোগ তোলেন তিনি।
কাঁকড়াছড়া এডিসি ভিলেজের ১ নম্বর ওয়ার্ডের ২ নম্বর আসনে এনডিএ-র বিজেপি মনোনীত প্রার্থী অঘোর দেববর্মার সমর্থনে তুইমধু এলাকায় উঠোন সভায় যোগ দেন বিকাশ। সভা শেষে আচমকাই স্থানীয় একটি চায়ের দোকানে গিয়ে বসেন তিনি। চায়ের আড্ডায় সাধারণ মানুষের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে কথা বলেন মন্ত্রী।সেখানেই সিপিআইএমকে নিশানা করে বিকাশ দেববর্মা বলেন, দীর্ঘ সময় ধরে রাজ্যে ক্ষমতায় থাকার পরও জনজাতি এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন হয়নি।
তাঁর অভিযোগ, দীর্ঘ ২৫ বছরের বাম শাসনে জনজাতি সমাজ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়েছে। সিপিআইএমকে তিনি ‘জনজাতি-বিরোধী’ দল বলেও মন্তব্য করেন। পাশাপাশি, তাঁর বক্তব্যে সিপিআইএমকে ‘সন্ত্রাসবাদী’, ‘দাঙ্গাবাজ’, ‘উগ্রবাদী সৃষ্টির সঙ্গে যুক্ত’—সহ একাধিক কড়া বিশেষণে আক্রমণ করা হয়।বিকাশের দাবি, “সিপিআইএম এবং কংগ্রেস একটি আসনেও জয়ী হতে পারবে না।” যদিও এটি তাঁর নির্বাচনী প্রচারের রাজনৈতিক দাবি।
অন্যদিকে, ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলিও নিজেদের সাংগঠনিক শক্তি নিয়ে প্রচারে নেমেছে। চূড়ান্ত লড়াইয়ে তার প্রতিফলন কতটা পড়ে, তার উত্তর মিলবে ২৮ সেপ্টেম্বরের ভোটে। ভোটগণনা হবে ৫ অক্টোবর। মন্ত্রীর সঙ্গে এদিন প্রচারে ছিলেন বিজেপি মণ্ডল সহ-সভাপতি গোপাল দাস, খোয়াই জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার, বিজেপির খোয়াই জেলা সম্পাদক নির্মল সরকার-সহ দলের অন্যান্য নেতৃত্বরা উল্লেখ্য, এবারের ভিলেজ কমিটি নির্বাচন ত্রিপুরার রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। টিটিএএডিসি এলাকার ৫৮৭টি ভিলেজ কমিটির ৪,৫৯৭টি আসনের মধ্যে যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানেই ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে।








