প্রগতি ত্রিপুরা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শনিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে সাংগঠনিক বৈঠক করল বিজেপি। বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, প্রচারের রূপরেখা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান, প্রদেশ সভাপতির নির্দেশনা অনুযায়ী নির্বাচনী প্রচার কর্মসূচি পরিচালিত হবে। দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সেই নির্দেশনা অনুসরণ করে নির্বাচনী কাজে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, মন্ত্রিসভার সদস্য, বিধায়ক, এমডিসি এবং বিভিন্ন জেলা ও মণ্ডল কমিটির পদাধিকারীরা।
দলীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন ভিলেজ কমিটি এলাকার পরিস্থিতি, সাংগঠনিক প্রস্তুতি এবং প্রচার কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মিত্রদলগুলির মধ্যে যেখানে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে নির্বাচনী কার্যক্রমে সমন্বয় বজায় রাখার বিষয়েও আলোচনা হয় বলে সূত্রের দাবি।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, প্রচারসহ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রদেশ সভাপতির নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি পরিচালিত হবে।
এদিকে, বৈঠকে বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়ার উপস্থিতি নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। তাঁর উপস্থিতি নিয়ে সংসদীয় রীতি ও স্পিকারের ভূমিকার প্রসঙ্গ উত্থাপন করা হলেও, এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা আগামী দিনে আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।








